দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে বাসচাপায় আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ মে) বেলা ১১টার দিকে শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে অটোভ্যান চাপায় শিশু নিহতের ঘটনা ঘটে। এদিকে এদিন বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে বাস চাপার ঘটনা ঘটে।
অটোভ্যান চাপায় নিহত শিশু মিম খাতুন শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে। আর নিহত মোটরসাইকেলচালক আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল শিশু মীম। এ সময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কায় দেয়। এতে শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হলে তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেলে শহরের শহিদ মিনার চত্বরের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় লেন পার হওয়ার সময় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলচালক আরজ আলী ঘটনাস্থলেই নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, অটোভ্যানের ধাক্কায় মিম খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. তাপস কুমার বলেন, মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ